লাইভ
মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•

৬৯ শতাংশ ব্যাংকের নেই সাইবার হামলা মোকাবিলার কার্যকর পরিকল্পনা

নিউজ ট্রায়াল ডেস্ক

নিউজ ট্রায়াল ডেস্ক

নিউজরুম

১২ নভেম্বর ২০২৬·পড়তে ৩ মিনিট·হালনাগাদ ৪ দিন আগে
৬৯ শতাংশ ব্যাংকের নেই সাইবার হামলা মোকাবিলার কার্যকর পরিকল্পনা

বাংলাদেশের ৬৯ শতাংশ ব্যাংকের গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা ও জালিয়াতি মোকাবিলায় লিখিত এবং নিয়মিত পরীক্ষিত কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি মাত্র ৪৪ শতাংশ ব্যাংক অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন পর্যবেক্ষণ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।

গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৮১ শতাংশ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা বা ইভেন্ট লগিং চালু রেখেছে। তবে তাৎক্ষণিক নজরদারিতে পিছিয়ে রয়েছে অধিকাংশ ব্যাংক। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে লেনদেনের গতিবিধি পর্যবেক্ষণ করে। অন্যদিকে, মাত্র ৩১ শতাংশ ব্যাংকের সাইবার হামলা মোকাবিলায় লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে।

ব্যাংকিং অ্যাপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উঠে এসেছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এ ছাড়া গ্রাহকের হিসাবের নিয়ন্ত্রণ দখল, ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য এবং পাসওয়ার্ড চুরির ঘটনাও উল্লেখযোগ্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে।

গ্রাহকের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও দুর্বলতা রয়েছে। গবেষণায় অংশ নেওয়া ৭৮ শতাংশ ব্যাংক ডিভাইসের সঙ্গে গ্রাহকের হিসাব যুক্ত রাখা এবং পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে ঝুঁকির মাত্রা অনুযায়ী পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক। একইভাবে, ৭৮ শতাংশ ব্যাংক তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ব্যবহার করলেও মাত্র ৩৪ শতাংশ এসব সেবাদাতার এপিআই নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আর্থিক ও জনবলসংক্রান্ত সীমাবদ্ধতাও রয়েছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৪৭ শতাংশ বাজেটের সীমাবদ্ধতা এবং সমান সংখ্যক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটের কথা জানিয়েছে।

বিআইবিএমের এ প্রাথমিক গবেষণায় ৩৪টি ব্যাংক অংশ নেয়। ব্যাংকগুলোর নিজস্বভাবে দেওয়া তথ্য, দলীয় আলোচনা, নীতিমালা পর্যালোচনা এবং দেশি-বিদেশি অভিজ্ঞতা বিশ্লেষণের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। ফলে ফলাফলগুলো অংশগ্রহণকারী ব্যাংকগুলোর স্বপ্রতিবেদিত তথ্যের ওপর নির্ভরশীল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ।

সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়ে গুরুত্ব দেন। এগুলো হলো—যৌথ নিরাপত্তা মহড়া, জালিয়াতির অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা ও শক্তিশালী গ্রাহক পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পরিমাপ করতে সুনির্দিষ্ট সূচক নির্ধারণ এবং নিয়মিত নিরাপত্তা মহড়ার মাধ্যমে শনাক্ত হওয়া দুর্বলতাগুলো দ্রুত সমাধান করতে হবে।

গবেষণার ফলাফল অনুযায়ী, ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিগত সুরক্ষা যথেষ্ট নয়; এর পাশাপাশি নিয়মিত নিরাপত্তা পরীক্ষা, কার্যকর দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা, দক্ষ জনবল এবং তৃতীয় পক্ষের প্রযুক্তিগত সেবাদাতাদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

নিউজ ট্রায়াল ডেস্ক

লিখেছেন

নিউজ ট্রায়াল ডেস্ক

নিউজরুম

নিউজ ট্রায়াল ডেস্ক নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।

সম্পর্কিত খবর

আপনার খবর পাঠান

দেখেছেন? তুলেছেন? পাঠিয়ে দিন।

নিউজ ট্রায়াল চলে পাঠকের জোরে। যা দেখেছেন পাঠিয়ে দিন, খবরের সূত্র, ছবি, আপনার পাড়ার গল্প, বাকিটা ডেস্ক সামলাবে।

আপনার খবর পাঠান