প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, আলোচনায় বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতা

তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনায় বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি প্যাভিলিয়নে পৌঁছান। সেখানে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রদর্শিত পণ্য, প্যাভিলিয়নের কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।
লিখেছেন
Md Tanvir Ahmed
Md Tanvir Ahmed নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।



